কালা ও একটি নতুন জীবন
-----------------------------
আপা, লোকাল ট্রেনের নিচে লাফ না দিয়ে একটু অপেক্ষা করেন৷ কিছুক্ষনের মধ্যেই সুবর্ন এক্সপ্রেস ট্রেন আসবে৷ চট্টগ্রামের ট্রেন, বলতে পারেন বাংলাদেশের সবচেযে ভালো ট্রেন৷
কি বলছেন এই সব! আপনি কে?
আমি কালা৷
যান তো, আপনার কাজে যান৷
আপা, যেই লোকটার কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেই লোকটা এখন সিলেটে বিছানা কান্দির ঠান্ডা জলে নতুন আপাকে নিয়ে জলকেলি খেলছে!
মেয়েটা হঠাৎ কালার দিকে এমন ভাবে তাকালো যেন সে ভূত দেখেছে! আপনি কিভাবে জানেন, সে সিলেটে? কে আপনি?
আপা, আমার কাজ হচ্ছে মহাখালী রেলগেটে যেন কেউ আত্মহত্যা না করে, তা দেখা৷
ফাজলামি করবেন না, বলেন আপনি কে? কিভাবে আপনি ফারহানের কথা জানেন? আপনি জানেন আমি কার মেয়ে? যান, চলে যান এখান থেকে৷
কেন আপনি ফারহানের জন্য নিজের জীবন দিবেন? জীবন দিতে হয় যে আপনার জন্য জীবন দিতে পারে, তার জন্য৷ আপনার উচিৎ ফারহানকে দেখিয়ে দেয়া যে আপনি তার চেয়ে ভালো আছেন৷ আপনি ফারহানের চেয়ে ভালো ছেলের সাথে সম্পর্ক করুন৷ যেমন আপনাদের ভাড়াটিয়া নতুন ছেলেটি! ছয় ফিটের উপর হাইট, সিক্স প্যাক বডি!
আপনি তাকে কিভাবে দেখেছেন? নিশার মাথায় এখন অন্য চিন্তা কাজ করছে৷ লোকটা কে? সে তো সব সত্যি কথাই বলছে৷ আমি কেন ফারহানের জন্য মরতে যাব? ঐ লুইচ্চা বেটা তো সত্যিই সিলেটে মজা করছে৷ তাছাড়া নতুন ভাড়াটিয়া ছেলেটি তো বেশ কিছুদিন তাকে ইনিয়ে বিনিয়ে কিছু একটা বোঝাতে চাইছে! তাহলে কি আমি ভুল করছি?
চিন্তা করবেন না আপা, আপনার লেখা সুইসাইড নোটটি এখনও আপনার পরিবারের কেউ দেখেনি৷ আপনি বাসায় যান, কয়েকদিন ভালো ঘুম দেন৷ তারপর সুযোগ বুঝে বডি বিল্ডারের সাথে কয়েকটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিন৷ দেখবেন, ফারহান বাবাজি সহ্য করতে না পেরে আপনাকে ব্লক মেরে দিবে৷ আর যদি কোন কারণে আপনাকে ফোন দেয়, বলবেন, এইট প্যাক বানিয়ে আসো!
নিশা তার হাসি চেপে রাখতে পারছে না৷ কিছুক্ষন আগে যে কিনা আত্মহত্যা করতে চেয়েছিলো, তার এখন হাসি পাচ্ছে৷ লোকটাতো চমৎকার! ধন্যবাদ পাবার যোগ্য! আপনাকে ধন্যবাদ, এই কথা বলার জন্য কালার দিকে ফিরতেই দেখে লোকটা নেই! কোথায় গেল লোকটা? পাশ দিয়ে হুইসেল দিয়ে সুবর্ন এক্সপ্রেস চলে যাচ্ছে৷ নিশা তাকিয়ে আছে ট্রেনের দিকে৷
কালা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে বনানী গেটের কাছে চলে এসেছে৷ টাকা থাকলে স্টার কাবাবের কাচ্চি খাওয়া যেত৷ এখন বনানী বিদ্যানিকেতনের ক্যান্টিনের সিঙ্গারাই একমাত্র ভরসা!
